সোমবার, ১১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ইউরোপীয় ফুটবলে ইতিহাস: পুরুষ দলের ডাগআউটে প্রথম নারী প্রধান কোচ

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জার্মানির বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৪ বছর বয়সী মারি-লুইস।

এর মাধ্যমে ইউরোপের বড় কোনো লিগে প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। 

শনিবার তলানির দল এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হারের পর কোচ স্টিফেন বমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন।

বর্তমানে লিগ টেবিলের ১১ নম্বরে থাকলেও ২০২৬ সালে খেলা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। রেলিগেশন জোন থেকে ১১ পয়েন্ট দূরে থাকলেও দলের টানা ব্যর্থতায় শঙ্কিত ক্লাব কর্তৃপক্ষ।
তাই মৌসুমের বাকি ৫ ম্যাচের জন্য দলের হাল ধরার দায়িত্ব দেওয়া হয়েছে মারি-লুইসকে। 

মারি-লুইস এর আগেও ইতিহাস গড়েছেন।

২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে তিনি ছিলেন বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ। এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ নেলান্দ বিয়েলিকা নিষিদ্ধ থাকায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 

সাবেক জার্মান ইয়ুথ ইন্টারন্যাশনাল এবং টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফুটবলার জুলাই ২০২৫ থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। বর্তমান মৌসুম শেষে তিনি ক্লাবটির নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগ পাওয়ার পর মারি-লুইস বলেন, ‘পয়েন্ট টেবিলের নিচের দিকে ব্যবধান খুব বেশি নয়, তাই বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনো নিরাপদ নয়। ক্লাব আমার ওপর যে ভরসা রেখেছে তাতে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি আমরা প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারব।’

ক্লাবের ডিরেক্টর হর্স্ট হেল্ড জানিয়েছেন, লিগ পজিশন দিয়ে তারা নিজেদের ভুল আড়াল করতে চান না। দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় একটি নতুন সূচনার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।



মিরপুরে আবারও বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দ্বৈরথ। প্রায় দেড় বছর পর ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ হিসেবে থাকছে সেই পাকিস্তান। যাদের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। তাই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা কাজ করছে দুই শিবিরেই। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী কাল সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দুই দলই আত্মবিশ্বাসী অবস্থায় মাঠে নামছে। পাকিস্তান অবশ্য ‘প্রতিশোধ’ শব্দটিকে সামনে আনতে চায় না। অধিনায়ক শান মাসুদ স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্য শুধুই ভালো ক্রিকেট খেলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সিরিজের অতীত নয়, বরং পাঁচ দিনে ধারাবাহিক ক্রিকেট খেলাকেই গুরুত্ব দিচ্ছেন। এই টেস্টে বড় আলোচনার জায়গা হয়ে উঠতে পারে দুই দলের পেস আক্রমণ। পাকিস্তানের শক্তি বরাবরই তাদের ফাস্ট বোলিং ইউনিট। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের অভিজ্ঞতা ও নতুন বলের নিয়ন্ত্রণ সফরকারীদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে বাংলাদেশও এখন আর আগের মতো কেবল স্পিননির্ভর দল নয়। তাসকিন আহমেদ দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন। যদিও নাহিদ রানা পুরোপুরি ফিট নন এবং ইবাদত হোসেনও সেরা ছন্দে ফেরার প্রক্রিয়ায় আছেন, তবু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বিভাগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। মিরপুরের উইকেট নিয়েও আগ্রহ কম নেই। সাধারণত এই মাঠ ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে ওঠে। তবে এবার উইকেটে ঘাস থাকার সম্ভাবনা থাকায় শুরুতে পেসাররা সুবিধা পেতে পারেন। সে কারণেই বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্পিন বিভাগে মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্যাটিংয়ে পাকিস্তানের বড় ভরসা বাবর আজম। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকা এই ব্যাটারকে ঘিরেই সফরকারীদের পরিকল্পনা থাকবে। এছাড়া অফ-স্পিনার সাজিদ খনও হতে পারেন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন তানজিদ তামিম। একাদশে সুযোগ পেলে তার স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং দেখতেই চায় টিম ম্যানেজমেন্ট। আবহাওয়াও ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারে। পাঁচ দিনের টেস্টে অন্তত দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উইকেটের আচরণ ও সেশনভিত্তিক পরিকল্পনা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে, সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান চাইবে নিজেদের পুরনো শক্তির পরিচয় ফিরিয়ে দিতে। তাই মিরপুর টেস্টে ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা থাকছেই।

Our Like Page