পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলেছেন তিনি।
মুশফিকের জন্মদিনে সরাসরি কিংবা মাঠের বাইরে থেকে অনেক সতীর্থ শুভেচ্ছা জানিয়েছেন।
সকালে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে মাঠে নামা মুশফিকের বিকেলটা কেটেছে আরও ভালোভাবে। দিনের খেলা শেষ হওয়ার পর স্ত্রী, সন্তান, বাবা-মাকে পাশে রেখে ড্রেসিংরুমের সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন মুশফিক। মুশফিকের ৩৯তম জন্মদিন উপলক্ষে স্ত্রী মন্ডি বিশেষ কেক নিয়ে মাঠে হাজির হন।
দারুণ একটি দিন কাটিয়ে মুশফিক আবেগাপ্লুত বার্তা দিয়েছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘চারদিক থেকে যে পরিমাণ ভালোবাসা আমার জন্মদিন উপলক্ষে আজ আমি পেয়েছি তাতে অভিভূত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন তাদেরকে। আপনাদের ভালোবাসা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।’
শেষে আরও লেখেন, ‘আপনারা আমাকে যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আপনাদের দোয়াকে সঙ্গী করে দারুণ সব স্মৃতি নিয়ে আরো একটি বছর পার করবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।’