মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর বোর্ডে সুজন, তামিমের সঙ্গে ‘ক্রিকেট আলাপ’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম শুরুর পর পুরনো মুখদের সঙ্গে যোগাযোগ বাড়াতে উদ্যোগী হয়েছেন সভাপতি তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় প্রায় দুই বছর পর মিরপুরে বোর্ড কার্যালয়ে দেখা গেল সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে, যিনি নিজেই জানিয়েছেন এটা ছিল শুধুই ব্যক্তিগত আমন্ত্রণে আসা, কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়।

 

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘কোনো মিটিংয়ে যাইনি। আসলে তামিম ফোন করে বলেছিল আপনি বোর্ডে আসেন।

আমি জিগ্যেস করলাম কেন সিসিডিএমের মিটিংয়ে নাকি? ও বলল মিটিং না, আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন। আপনার সাথে আমার অনেক কথা আছে।
’ 

তামিমের ডাকে সাড়া দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন সাবেক এই অলরাউন্ডার। তিনি জানান, ‘এমনিতেও ওর সাথে যোগাযোগ ছিলই।

কিন্তু এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো সভাপতি ফোন করে যখন ডাকছে, তখন তো আমি না করতে পারি না। এজন্যই যাওয়া। প্রায় ২১ মাস পর মনে হয় বোর্ডে গেলাম। মূলত, তামিমের সঙ্গে দেখা করতে গেছি।’ 

এই সাক্ষাতে আনুষ্ঠানিক কোনো আলোচনার চেয়ে ক্রিকেটকেন্দ্রীক আলাপই বেশি গুরুত্ব পেয়েছে বলে জানান সুজন।

তিনি বলেন, ‘ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। দিন শেষে যখন আমরা ক্রিকেটাররা বসি, তখন ক্রিকেট নিয়েই কথা হয়। ওইখানে আরও অনেক ক্রিকেটার ছিল। শাহরিয়ার নাফীস, মিঠুন, রাজ, মুকুল, রাহুল, নান্নু ভাই ছিল, আরও অনেকে ছিল।’



Our Like Page