যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি টেকঅফের সময় এ ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের পর বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় এবং কেবিনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানান, উড্ডয়নের সময় ওই ব্যক্তি রানওয়েতে ছিলেন। ঘটনার পরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠান।
রেডিও বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, তারা একজনকে আঘাত করেছেন এবং ইঞ্জিনে আগুন লাগায় টেকঅফ বাতিল করছেন।
বিমানটিতে ২২৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ২৩১ জন আরোহী ছিলেন।
টেকঅফ বাতিল করে যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে নামানো হয় এবং পরে তাদের টার্মিনালে নেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, এয়ারবাস এ৩২১ বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তারা শোক প্রকাশ করেছে।
ডেনভার পুলিশ বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ব্যক্তি রানওয়েতে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।