অনলাইন জব পোর্টাল ‘ইনডিড’ এই বিশেষ কর্মী খোঁজার কাজে ফক্স স্পোর্টসকে সহায়তা করবে। আর ওই কর্মী যখন কাচের ঘরে বসে খেলা দেখার দায়িত্ব পালন করবেন, তখন দর্শকদেরও বারবার মনে করিয়ে দেওয়া হবে যে এই কর্মী ইনডিডের মাধ্যমেই চাকরিটি পেয়েছেন।
এই লোভনীয় চাকরিটি যিনি পাবেন, তিনি বেতন হিসেবে পাবেন ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ লাখ টাকারও বেশি)। দায়িত্ব হিসেবে তাকে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ম্যানহাটনের সেই কাস্টমাইজড কাঁচের ঘরে বসে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে হবে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে শেয়ার করতে হবে।
এই পদের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘ফক্স ওয়ান চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার হায়ার্ড থ্রু ইনডিড’। মূলত যেসব দর্শক চিরাচরিত ক্যাবল সাবস্ক্রিপশন ছেড়ে ফক্সের নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’ ব্যবহার করছেন, তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অভিনব নামকরণ।
ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব জানান, তারা কোনো কট্টর ফুটবল বিশ্লেষক খুঁজছেন না, বরং একজন সাধারণ ও উৎসাহী ক্রীড়ামোদী খুঁজছেন। তিনি রসিকতা করে বলেন, ‘আমাদের এমন কাউকে দরকার নেই যে ব্রাজিলের গেম প্ল্যান ভেঙে বুঝিয়ে দেবে। বরং সে হবে এমন কেউ যে দলগুলোর খুঁটিনাটি বা মজার কোনো দিক নিয়ে সাধারণ মানুষের মতো কৌতূহল দেখাবে। পরিসংখ্যানবিদ হওয়ার চেয়ে খেলায় সাধারণ উদ্দীপনা থাকাই এই চাকরির মূল যোগ্যতা।’
ফক্স স্পোর্টস খেলা সম্প্রচারের সময় তাদের এই ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা প্রধান দর্শককে টিভির পর্দায় তুলে ধরবে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়াবিদ, তারকা অতিথি এবং অন্যান্য স্পনসরদের পণ্যও সেই কাঁচের ঘরে পাঠানো হবে।
বর্তমান বাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে বিজ্ঞাপনদাতারা এখন খেলাধুলার বড় বড় মুহূর্তগুলোকে বেছে নিচ্ছেন। যেমন, বার্কশায়ার হ্যাথাওয়ের ‘ডুরাসেল’ তাদের নতুন বিজ্ঞাপনে লিওনেল মেসিকে যুক্ত করেছে, যা ফক্স এবং টেলেমুন্ডোর বিশ্বকাপ সম্প্রচারের সময় দেখানো হবে।
ইনডিডের নির্বাহী জেনিফার ওয়ারেন বলেন, ‘চলতি বছর আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ক্রীড়াপ্রেমীদের আবেগকে কাজে লাগানো।’
একইসঙ্গে ইনডিডের নতুন প্রযুক্তি ব্যবহার করে নিয়োগকর্তারা কীভাবে নিখুঁত যোগ্যতাসম্পন্ন কর্মী খুঁজে পেতে পারেন, সেটি তুলে ধরাও তাদের উদ্দেশ্য। তরুণ প্রজন্ম এখন তাদের পছন্দের বিষয়ের সঙ্গে যুক্ত ব্র্যান্ডগুলোকে বেশি আপন করে নেয়, যার মধ্যে খেলাধুলা এবং সঙ্গীত অন্যতম।
এই পদের প্রতিযোগিতায় নামতে হলে আগ্রহীদের ইনডিড প্রোফাইলে গিয়ে নিজেদের স্কিল বা দক্ষতা আপডেট করতে হবে, যেখানে সাংবাদিকতা এবং কনটেন্ট তৈরির অভিজ্ঞতা বিশেষভাবে ফুটিয়ে তুলতে হবে। প্রোফাইলের সেটিংসে ‘এমপ্লয়ার্স ক্যান ফাইন্ড ইউ’ (নিয়োগকর্তারা আপনাকে খুঁজে পাবেন) অপশনটি চালু রাখতে হবে যাতে ফক্স স্পোর্টসের রিক্রুটিং টিম প্রোফাইলটি দেখতে পায়। এর সাথে একটি সংক্ষিপ্ত ভিডিও আপলোড করে জানাতে হবে কেন তারা এই কাজের জন্য যোগ্য এবং প্রচারের জন্য #ChiefWorldCupWatcher হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে।
আগামী ৬ জুন (শনিবার) বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ তার কাজ শুরু করবেন। আর ফক্সের লাইভ ব্রডকাস্টে বোস্টন রেড সক্স বনাম নিউ ইয়র্ক ইয়ানকিস-এর ম্যাচ চলাকালীন ওই দিন রাতে নির্বাচিত কর্মীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।