বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শেরপুরে স্বামী-সতীনকে জুতাপেটা করে কারাগারে স্ত্রী

শেরপুরে আদালত চত্বরে এক বিচারপ্রার্থী নারী তার স্বামী ও সতিনকে জুতাপেটা করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত নারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ এপ্রিল) শেরপুর জুডিসিয়াল আদালতের সামনে।

সংক্ষিপ্ত বিচারিক আদালতে ওই সাজার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।

সাজাপ্রাপ্ত ওই নারী হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও এলাকার আরজ আলীর মেয়ে আখলিমা আক্তার (৩০)।

একইসঙ্গে তার বড়বোন আখলিমার খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

 

বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. সামিউল হক একইদিন রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, নকলা আমলি আদালতে আখলিমা খাতুনের দায়ের করা যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলায় স্বামী উজ্জল মিয়া সোমবার দুপুর আড়াইটার দিকে হাজিরা দিয়ে বের হন।

এরপর শ্রীবরদী আমলি আদালতের কাছে থাকা উজ্জল মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না খাতুনকে প্রথম স্ত্রী আখলিমা আক্তার ও তার লোকজন মারধর ও জুতাপেটা করে। এ নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হলে আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ৩ জনসহ ৪ জনকে আটক করে। 

পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে স্বপ্না খাতুনের দায়ের করা মামলায় তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে আখলিমা খাতুনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।



Our Like Page