বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

পহেলা বৈশাখকে ঘিরে বরগুনায় ইলিশের সংকট, বেড়েছে দাম

 আসন্ন পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনা পৌর মাছ বাজারে ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম, ফলে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

রোববার (১২ মার্চ) রাতে বরগুনা পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

অন্যদিকে ৪০০ থেকে ৪৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০০ টাকা দরে।

মাছ বাজারের খুচরা বিক্রেতা মো. আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, বাজারে ইলিশ মাছ নেই বললেই চলে।

আমরা স্থানীয় বিষখালী নদী থেকে কিছু মাছ কম দামে কিনতে পারায় ক্রেতাদের একটু কম দামে দিতে পারছি। তবে ঢাকায় বেশি দামে বিক্রির কারণে প্রতিদিন সড়কপথে কয়েক মণ ইলিশ চলে যাচ্ছে, এতে স্থানীয় বাজারে সংকট আরও বাড়ছে।
 

বরগুনার সোনাখালী এলাকার বাসিন্দা মিলন সিকদার তার ১২ বছর বয়সী ছেলে ইয়াসিনকে সঙ্গে নিয়ে বাজারে এসে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে মাছ কিনতে এসেছি, কিন্তু অন্য দিনের তুলনায় বাজারে মাছ কম। দামও বেশি। সাধারণত রাতে মাছ কিনলে কিছুটা কম দামে পাওয়া যায়, কিন্তু এখন সেই সুযোগও নেই।

তিনি আরও বলেন, ইলিশ মাছের দাম নির্ধারণ করে দেওয়া উচিত সরকারের, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কিনতে পারে।

স্থানীয়দের মতে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীমুখী সরবরাহ বেড়ে যাওয়ায় বরগুনার মতো উপকূলীয় এলাকায় ইলিশের সংকট তৈরি হয়েছে। এতে করে উৎসবের আগে সাধারণ ক্রেতারা চাপে পড়েছেন।



Our Like Page