বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

তৈরি করুন মজার সব ভর্তা

পহেলা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে খেতে সহজে ঘরেই তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের ভর্তা। নিচে কয়েকটি জনপ্রিয় ভর্তার রেসিপি দেওয়া হলো-

আলু ভর্তা

উপকরণ
আলু আধা কেজি, তেল ২ টেবিল চামচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুঁচি, লবণ, ধনেপাতা কুঁচি।

প্রণালী
আলু সিদ্ধ করে চটকে নিন। তেলে শুকনা মরিচ ভেজে পেঁয়াজ কুঁচি দিন।

পেঁয়াজ বাদামী হলে লবণ দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেপাতা দিয়ে মেখে পরিবেশন করুন।
 

কালিজিরা ভর্তা

উপকরণ
কালিজিরা আধা কাপ, রসুন ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮টি, পেঁয়াজ কুঁচি ৪ টেবিল চামচ, লবণ, সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালী
রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিন।

এরপর তেল ছাড়া সব উপকরণ বেটে সরিষার তেল দিয়ে মেখে নিন। 

বেগুন ভর্তা

উপকরণ
বড় বেগুন ১টি, সরিষা বাটা ১ চা চামচ, নারকেল বাটা ২ চা চামচ, টমেটো কুঁচি ১ কাপ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, মেথি সামান্য, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ, লবণ।

প্রণালী
বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে মেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিন। নরম হলে টমেটো, সরিষা, নারকেল, কাঁচামরিচ ও লবণ দিয়ে নেড়ে বেগুন দিন। একটু আঠালো হলে নামিয়ে নিন।

সরিষা ভর্তা

উপকরণ
লাল সরিষা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, লবণ।

প্রণালী
সব উপকরণ একসঙ্গে বেটে নিন।

কাচকি মাছ ভর্তা

উপকরণ
কাচকি মাছ ১ কাপ, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ।

প্রণালী
মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ অল্প তেলে ভেজে নিয়ে বেটে ভর্তা তৈরি করুন।

ছুরি শুঁটকি ভর্তা

উপকরণ
ছুরি শুঁটকি আধা কাপ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, মরিচ গুঁড়া, লবণ, চিনি, লেবুর রস, তেল, আদা-রসুন বাটা, ধনে গুঁড়া, হলুদ, তেজপাতা, কাঁচামরিচ।

প্রণালী
শুঁটকি ধুয়ে সেদ্ধ করে বেটে নিন। তেলে আদা-রসুন ভেজে শুঁটকি দিয়ে ভুনুন। এরপর মসলা দিয়ে রান্না করে শেষে পেঁয়াজ, লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে নামান।



Our Like Page