বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানে জয়ের নায়ক হয়ে ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে থাকা পেশোয়ার জালমি আরও একটি জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতীয় দলের ডাকে সাড়া দিতে দেশে ফিরছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

মুলতান সুলতান্সের বিপক্ষে সোমবারের ম্যাচে ২৪ রানের জয়ে বল হাতে ভূমিকা রাখেন এই দুই বোলার। নাহিদ চার ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

শরিফুল উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে দেন ২৭ রান, যা দলের জয়ে ভূমিকা রাখে। 

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আজই দেশে ফেরার কথা এই দুই ক্রিকেটারের।

তাদের আরও কিছুদিন রেখে দেওয়ার অনুরোধ জানিয়েছিল পেশোয়ার জালমি, আর শেষ ম্যাচে পারফরম্যান্স দিয়ে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন তারা। 

চলতি আসরে নাহিদ দুর্দান্ত ছন্দে রয়েছেন।

চার ম্যাচে ৫.৪২ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ৭ উইকেট। অন্যদিকে শরিফুল পাঁচ ম্যাচে পেয়েছেন ২ উইকেট, যদিও তার ইকোনমি রেট ৭.৯৩। 

এর আগে ব্যাট হাতে পেশোয়ার ৬ উইকেটে তোলে ১৯৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন কুশল মেন্ডিস। মোহাম্মদ হারিস খেলেন ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে মুলতান সুলতান্স থামে ৮ উইকেটে ১৭২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। পেশোয়ারের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ায় ম্যাচে ফিরতে পারেনি মুলতান।

বিশেষ করে ডেথ ওভারে নাহিদ রানার গতি ও নিয়ন্ত্রণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৪৭ কিলোমিটারের বেশি গতিতে বল করে গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ৮ রান খরচ করে প্রতিপক্ষের আশা শেষ করে দেন তিনি।

এই জয়ের ফলে ছয় ম্যাচে অপরাজিত পেশোয়ার জালমি ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। একই সংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুলতান সুলতান্স।



Our Like Page