রোববার রাতে ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
এই শিরোপার মাধ্যমে লা লিগা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯তম ট্রফি ঘরে তুলল বার্সেলোনা।
৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সার পয়েন্ট এখন ৯১।
ম্যাচের দিনই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয়েছে বার্সা কোচ হান্সি ফ্লিককে। কয়েক ঘণ্টা আগে বাবাকে হারানোর পরও দায়িত্ববোধ থেকে ডাগআউটে উপস্থিত ছিলেন তিনি। ২০২৪ সালে অগোছালো অবস্থায় থাকা দলটির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই শিরোপা জিতিয়েছিলেন এই জার্মান কোচ। এবারও ধরে রাখলেন সেই সাফল্য।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দানি ওলমোর আদায় করা ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে গোল করেন র্যাশফোর্ড। রক্ষণভাগের দেয়াল ভেদ করে ইংলিশ ফরোয়ার্ডের সেই শটে কোনো সুযোগই ছিল না থিবো কোর্তোয়ার।
সবশেষ ছয় লিগ ম্যাচে এটি ছিল র্যাশফোর্ডের চতুর্থ গোল। চলতি লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ, আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি।
প্রথম ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয়বার কাঁপে রেয়ালের জাল। বাঁ দিক থেকে আসা আক্রমণে রুডিগারকে কাটিয়ে দানি ওলমো চমৎকার কাটব্যাক করলে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে গোল করেন ফেররান তরেস। টানা দ্বিতীয় ম্যাচে গোল পাওয়া এই ফরোয়ার্ডের লিগে এটি ১৬তম গোল, মৌসুমে মোট ২১টি।
দুই গোল পিছিয়ে পড়ার পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল রিয়াল। তবে গন্সালো গার্সিয়া ও অরেলিয়ান চুয়ামেনি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষদিকে র্যাশফোর্ড আরেকটি গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু কোর্তোয়ার অসাধারণ সেভে বেঁচে যায় সফরকারীরা।
বিরতির পরও ম্যাচে ফেরার মতো ফুটবল খেলতে পারেনি রিয়াল। ৬৩তম মিনিটে জুড বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপর সময় যত গড়িয়েছে, ততই নিষ্প্রভ হয়ে পড়েছে লস ব্লাঙ্কোসরা।
শিরোপা নিশ্চিত হলেও বার্সেলোনার সামনে এখনও একটি লক্ষ্য বাকি। ক্লাব কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবার তারা লিগে ১০০ পয়েন্ট ছোঁয়ার লক্ষ্য নিয়ে খেলছে। সেই লক্ষ্য পূরণে বাকি তিন ম্যাচে আলাভেস, রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে কাতালানরা।