সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বসতবাড়ির উঠানে রাসেল ভাইপার, পিটিয়ে মারলো প্রতিবেশীরা

লক্ষ্মীপুরের কমলনগরে একটি বসতবাড়ির উঠানে বড় আকারের বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পায় বাড়ির লোকজন। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।

 

রোববার (১০ মে) রাত ৮টার দিক উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর লরেন্স ফরাজীপাড়া এলাকার মজিবুল হক মাস্টার বাড়ির উঠানে সাপটি দেখতে পায় তারা। ওই স্থানটি মেঘনা নদীর তীরবর্তী এলাকা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ধকার রাতে মজিবুল হক মাস্টার বাড়ির উঠানে বিশাল আকৃতির একটি সাপ কুন্ডলী পেঁচিয়েছিল। বাড়ির এক গৃহবধূ লাইট জ্বালালে সেটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

মুহূর্তের মধ্যে প্রতিবেশীরা জড়ো হয়ে সাপটিকে ‘রাসেল ভাইপার’ হিসেবে শনাক্ত করেন এবং পিটিয়ে মেরে ফেলেন। 

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, রাসেল ভাইপার একটি অত্যন্ত বিষধর সাপ।

এর কামড়ে শরীরে রক্তক্ষরণ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। 

তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সাপে কামড়ালে কোনোভাবেই সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। আক্রান্ত অঙ্গ বেশি নাড়াচাড়া করা যাবে না এবং কোনো অবস্থাতেই ঝাড়ফুঁক, ক্ষতস্থান কাটা বা শক্ত করে গিঁট দেওয়া যাবে না। বর্তমানে সরকারি হাসপাতালে এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে।

তিনি জানান, রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।
আরএ



Our Like Page