রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি দাবি করেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।

 

রোববার (৯ মে) রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার।

কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে। 

তিনি অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল।

যারা এসব মবের নেতৃত্ব দিয়েছে, পরে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। 

পোস্টে তিতুমীর কলেজের একটি ঘটনা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়।

 

তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন।

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির উদ্দীন বলেন, আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

একইসঙ্গে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাছির উদ্দীন বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি।



Our Like Page