মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম

সূচকের সঙ্গে সিএসইর লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৯ ও ১৯৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে পাঁচ কোটি টাকার লেনদেন বেশি।
আগের দিন ডিএসইতে ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 

সোমবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ২০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। 

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, সামিট পোর্ট, সিটি ব্যাংক, ডোমিনেজ স্টিল, একমি লিমিটেড, খান ব্রাদার্স, ইস্টার্ন ব্যাংক, ইভেন্সি টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, সায়হাম কটন, মীর আকতার লিমিটেড ও সালভো কেমিক্যাল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকার লেনদেন কম। আগের দিন সিএসইতে ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।



Our Like Page