সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে গিয়ে নবগঠিত ‘বগুড়া সিটি করপোরেশন’র ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুর পৌনে ১টায় গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি।

 

দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর পৌনে ২টায় বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে কিছু সময় অবস্থান করবেন তিনি।

বিকেল ৩টা ৩০ মিনিটে সার্কিট হাউজে স্বল্প বিরতির পর বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

জনসভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজেছে পুরো শহর। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজপথে অপেক্ষা করছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।



Our Like Page