মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

সঞ্জয়লীলা বানসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ইনশাআল্লাহ’ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা, এমনটাই বলিউড অঙ্গনে শোনা যাচ্ছে।

 

শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাটকে জুটি হিসেবে দেখা যাবে বলে জানা গিয়েছিল। তবে বানসালির সঙ্গে মতবিরোধের কারণে সালমান খান ছবিটি থেকে সরে দাঁড়ান।

এরপর ছবির কাজ থেমে যায়। 

এবার নতুন গুঞ্জন, সালমানের জায়গায় নাকি শাহরুখ খানকে ভাবছেন বানসালি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে ‘কিং খান’ শাহরুখ খানকে। 

বলিউড সূত্রের দাবি, ছবিটির জন্য শুরু থেকেই বানসালির প্রথম পছন্দ ছিলেন শাহরুখ।

 

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা সঞ্জয়লীলা বানসালি, দু’জনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক এক সাক্ষাৎকারে জানান, সৃজনশীল মতবিরোধের কারণেই ছবিটি থেমে যায়।

তিনি বলেন, ভাগ্য ভালো বা খারাপ যে ছবির কাজ শুরু হয়নি। কারণ এর মধ্যেই বড় সমস্যা তৈরি হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান।

তিনি আরও বলেন, সালমান আর বানসালি একসঙ্গে কাজ করতে চাননি। আমি বানসালির সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।

একসময় এই ছবির নায়ক হিসেবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে সেটিও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

জানা গেছে, ‘ইনশাআল্লাহ’ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে একজন তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে।

বলিউডের একটি সূত্র আরও জানিয়েছে, এই ছবিকে ঘিরে শাহরুখ ও বানসালির মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং শাহরুখও এতে আগ্রহ প্রকাশ করেছেন।

সবকিছুই এখনো গুঞ্জন পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।



Our Like Page