এদিকে শনিবার রাতে ডিএমপির এক কর্মকর্তার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসের মাধ্যমে রাজধানীর সব থানার কর্মকর্তাদের জরুরি বার্তা দেওয়া হয়েছে।
নির্দেশনায় ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার এবং ভোরবেলায় সড়ক ও অলিগলিতে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়।
ডিএমপির অপর এক কর্মকর্তা বলেন, কন্ট্রোল রুম থেকে নিয়মিতভাবেই বিভিন্ন দিকনির্দেশনামূলক বার্তা ওয়্যারলেসের মাধ্যমে পাঠানো হয়। এটি পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
বিশেষ করে ভোরে বাড়তি নজরদারির নির্দেশনার অংশ হিসেবে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।
বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।