রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ঢাকাজুড়ে ডিএমপি পুলিশের কড়া সতর্কতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একইসঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

শনিবার (১৬ মে) রাতে বাংলানিউজকে তিনি বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি নেই, সেটি দেখার বিষয় নয় এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। যেকোনো ধরনের অবরোধ বা নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাত থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

এদিকে শনিবার রাতে ডিএমপির এক কর্মকর্তার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসের মাধ্যমে রাজধানীর সব থানার কর্মকর্তাদের জরুরি বার্তা দেওয়া হয়েছে।

নির্দেশনায় ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার এবং ভোরবেলায় সড়ক ও অলিগলিতে বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়।

 

ডিএমপির অপর এক কর্মকর্তা বলেন, কন্ট্রোল রুম থেকে নিয়মিতভাবেই বিভিন্ন দিকনির্দেশনামূলক বার্তা ওয়্যারলেসের মাধ্যমে পাঠানো হয়। এটি পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষ করে ভোরে বাড়তি নজরদারির নির্দেশনার অংশ হিসেবে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।

বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।



Our Like Page