সুরের জাদুকরী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। এই কঠিন সত্যিটা এখনও মেনে নিতে পারছে না সঙ্গীতজগতের অনেকেই।
শোকের এই সময়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে কিংবদন্তি এই শিল্পীর বছর খানেক আগের পুরোনো একটি সাক্ষাৎকার। অমৃতা রাও এবং আরজে অনমোলের জনপ্রিয় পডকাস্ট কাপল অফ থিংস-এ হাজির হয়ে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন আশা।
আজ তার প্রয়াণে সেই কথাগুলোই আবার সামনে এসেছে। সেই সাক্ষাৎকারে আশা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘আমার ইচ্ছা, গাইতে গাইতেই যেন আমার শেষ নিঃশ্বাস পড়ে।’
সঙ্গীতের প্রতি তার এই ভালোবাসা জন্মসূত্রে পাওয়া।
মাত্র ৩ বছর বয়সে তার সঙ্গীতের হাতেখড়ি। ৯২ বছরের দীর্ঘ পথচলায় গানই ছিল তার ধ্যান, জ্ঞান। শৈশব থেকে বার্ধক্য- সঙ্গীতের সঙ্গে তার পথচলা ছিল অবিচ্ছেদ্য। কিন্তু গাইতে গাইতে চলে যাওয়ার সেই ইচ্ছা পূরণ না হলেও, তার গাওয়া হাজার হাজার গানের মাধ্যমেই তিনি অমর হয়ে রইবেন কোটি কোটি মানুষের হৃদয়ে।
পরিবার সূত্রে খবর, সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ে সম্পন্ন হবে শিল্পীর শেষকৃত্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হবে। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত তার মরদেহ রাখা থাকবে মুম্বইায়ের লোয়ার পারেলের বাসভবনে। সেখানে পরিবারের সদস্য, গুণমুগ্ধ এবং ঘনিষ্ঠজনরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে তার অন্তিম সংস্কার সম্পন্ন হবে।