ইরানের বিধ্বংসী হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে হিমশিম খাচ্ছে তেল আবিব। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ফলে এখন কোনো পূর্ব-সতর্কতা ছাড়াই ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবিলায় কার্যত ব্যর্থ হচ্ছে।
ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে সাইরেন ব্যবস্থা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক সময় ইরান থেকে কোনো হামলা না হলেও ভুল করে সাইরেন বেজে উঠছে, আবার বড় ধরনের হামলার সময়ও কোনো সংকেত পাওয়া যাচ্ছে না।
এতে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
বর্তমান পরিস্থিতিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। দেশটির সামরিক সূত্রগুলো স্বীকার করেছে, তারা এখন নিশ্চিত হতে পারছে না ঠিক কখন এবং কোথা থেকে হামলা চালানো হচ্ছে। ১২ দিনের এই যুদ্ধে সামরিকভাবে সফল হতে না পারলেও ইসরায়েল সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বা তথ্য সেন্সরশিপে কঠোর অবস্থান নিয়েছে।
সব মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।