দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে ছিল।
ছবিটির নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির প্রস্তুতি চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিক মুক্তির তারিখ শিগগির ঘোষণা করা হবে বলে জানান তিনি।
‘ফ্ল্যাশব্যাক’-এর মাধ্যমে টালিউডে অভিষেক হয় বুবলীর। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
থ্রিলারধর্মী এই ছবিতে বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
সিনেমায় বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলি ‘অঞ্জন’ এবং সৌরভ দাস ‘ডিকে’ চরিত্রে অভিনয় করেছেন। ভিন্ন তিন জীবনের মানুষের গল্প এক পর্যায়ে একটি পাহাড়ি জনপদে এসে মিলিত হয়, যেখানে গল্পে আসে নাটকীয় মোড়।
এদিকে, দেশে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং আজাদ আবুল কালাম।
তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছে। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।