বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মিরপুরে দুস্থদের ঈদ উপহার দিল চীনা দূতাবাস

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে ফুডপ্যাক তুলে দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ঈদ উপহার বিতরণের এ আয়োজনে স্থানীয় এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ঈদুল ফিতর হচ্ছে কৃতজ্ঞতা ও আশীর্বাদ ভাগ করে নেওয়ার অন্যতম একটি সময়। এ অনুদানের মাধ্যমে চীন একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে স্থানীয় বাসিন্দাদের প্রতি উষ্ণতা ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়।

 

জনগণের উপকার এবং উভয় দেশের কল্যাণ বৃদ্ধি করে, এমন আরও প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে চীন।

খাদ্য সহায়তার এ অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ খাদ্য প্যাকেটগুলো বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

এ সময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জামায়াতে ইসলামীর গুরুত্ব তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর।



Our Like Page