শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আমরা চাই আপনারা আপনাদের এই কণ্ঠকে সবসময় সোচ্চার রাখবেন।
বিগত সরকারের আমলে সাংবাদিকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রবীণ সম্পাদক আবুল আসাদ আজীবন সত্য ও স্বাধিকারের পক্ষে লড়াই করেছেন। অথচ বয়োবৃদ্ধ অবস্থায় তাকে কীভাবে নির্যাতন করে জেলে নেওয়া হয়েছে, তা আপনারা দেখেছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এখন বিরোধী দলে আছি এবং আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। সরকারি দল বা যারা ক্ষমতায় থাকবেন, তারা যদি জাতীয় স্বার্থে ভালো কাজ করেন, তবে আমরা তাদের সমর্থন দেব, সাধুবাদ জানাবো এবং প্রয়োজনে একসাথে লড়াই করব। কিন্তু তারা যদি জনবিচ্ছিন্ন বা পথচ্যুত হয়ে যায়, তবে আমরা তাদের সোজা করে রাস্তায় আনতে বাধ্য করব।
ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা কেমন হবে, তা নিয়ে জামায়াত আমির দৃঢ়কণ্ঠে বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে আর কখনও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদীর কাছে মাথা নত করবে না।