মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ভালেন্সিয়ার মাঠে রিয়ালের কষ্টের জয়

চোট আর নিষেধাজ্ঞায় জর্জরিত স্কোয়াড নিয়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে খুব একটা ছন্দে না থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ভালেন্সিয়াকে হারিয়েছে আলভারো আরবেয়োলার দল।

গতকাল রাতে মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ২–০ ব্যবধানে জয় পায় রিয়াল। বিরতির পর ব্যবধান গড়ে দেন আলভারো কাররেরাস, শেষ সময়ে জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে।

 

এই জয়ে লিগে টানা সপ্তম ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন কার্ডের নিষেধাজ্ঞায়, আর চোটের কারণে বাইরে ছিলেন জুড বেলিংহ্যাম ও রদ্রিগো।

ফলে মাঝমাঠ ও আক্রমণভাগে শক্তি হারিয়ে শুরু থেকেই কিছুটা এলোমেলো দেখায় রিয়ালকে। 

প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল বেশ নিষ্প্রাণ। সুযোগ তৈরি হলেও শেষটায় ছিল না তীক্ষ্ণতা। এমবাপে দুটি সুযোগ পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেননি।

প্রথমার্ধের সেরা সুযোগটি আসে ২৮ মিনিটে, তবে দাভিদ হিমেনেসের শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়ার গোলরক্ষক। 

বিরতির পরও খুব দ্রুত গতি পায়নি ম্যাচ। আক্রমণে ভাটা কাটছিল না রিয়ালের। অবশেষে ৬৫ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলভারো কাররেরাস। ডিন হাউসেনের পাস ধরে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথার ফিনিশে গোল করেন তরুণ ডিফেন্ডার।

 

গোল হজমের পর ভালেন্সিয়া কিছুটা চড়াও হয়। ৭১ মিনিটে লুকাস বেল্তানের শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।

শেষ দিকে আক্রমণে গতি বাড়াতে ব্রাহিম দিয়াস ও চোট কাটিয়ে ফেরা ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে নামান রিয়াল কোচ। এর সুফল মেলে যোগ করা সময়ে। দিয়াসের পাস থেকে এক ছোঁয়ার শটে গোল করে ম্যাচের ইতি টানেন এমবাপ্পে।

এ নিয়ে চলতি লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ২৩-এ, যা তাকে শীর্ষ গোলদাতার আসনে ধরে রেখেছে।

অন্যদিকে ভালেন্সিয়ার দুর্দশা কাটছেই না। ২৩ ম্যাচে এটি তাদের দশম হার। ২৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে অবনমন অঞ্চলের ঠিক ওপরে, ১৭তম স্থানে।



Our Like Page