শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ইতিহাস গড়ে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ নারী হকি দল

আন্তর্জাতিক মঞ্চে ইতিহাসের নতুন অধ্যায় লিখে ফেলল বাংলাদেশ নারী হকি দল। দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে তারা। 

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

সেই ফলাফলের পর এই জয় তাদের সেমিফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থানে নিয়ে গেছে। 

ইন্দোনেশিয়ার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মনোযোগী ছিল বাংলাদেশ।

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন গোল করে দলকে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ, এক মিনিটের মধ্যেই একইভাবে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরে উজবেকিস্তান; গোলটি করেন খুজায়েভা মাদিনাবোনু।
 

প্রথমার্ধের মাঝামাঝি আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২৪তম মিনিটে কনা আক্তারের দারুণ ফিল্ড গোল দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়, যা নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৪০তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়া ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। যদিও ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে উজবেকিস্তান ব্যবধান কমায়, তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

এই ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান আইরিন আক্তার রিয়া।

দুই ম্যাচ শেষে পুল ‘এ’-তে বাংলাদেশের অবস্থান এখন বেশ শক্ত। প্রথম ম্যাচে ড্র থেকে পাওয়া ১ পয়েন্টের সঙ্গে এই জয়ের ৩ পয়েন্ট যোগ হয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪।

পুল পর্বের শেষ ম্যাচে আগামী পরশু হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে, পাশাপাশি এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার পথও খুলে যাবে অর্পিতা-আইরিনদের জন্য।



Our Like Page