বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বরিশাল বেলস্ পার্কে শুরু হয়েছে তারেক রহমানের জনসভা

প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এরই মধ্যে বেলা ১১টায় বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা।

সবার আগে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান।

জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। 

মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন।

এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব:) হাফিজ উদ্দির আহমেদ- বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমার পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোটের প্রার্থী নুরুল হক নুর, কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন।

বেলা ১২টায় তারেক রহমান হেলিকপ্টার যোগে বরিশাল স্টেডিয়ামে পৌঁছাবেন।

তাই প্রিয় নেতাকে দেখতে নদী ও সড়ক পথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যেই সমাবেশের মাঠে আসতে শুরু করেছেন। 

বিশেষ করে নারী নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। তারা মঞ্চের সামনের দিকে অবস্থান নিচ্ছেন। মঞ্চের ডান পাশে রাখা হয়েছে বিশেষ যোদ্ধাদের জন্য এলাকা।

মাঠের চারপাশে নিরাপদ পানির ব্যবস্থা এবং মেডিকেল ক্যাম্পও রয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বেলা ১১টায় তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। সমাবেশ ইতোমধ্যে শুরু হয়েছে। বেলা ১২টায় তিনি মঞ্চে উঠবেন এবং বক্তৃতা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।”

২০০১ সালে বরিশালের বেলস পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দীর্ঘ ২৫ বছর পর একই মাঠে বক্তব্য দেবেন তার জ্যেষ্ঠপুত্র ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। 

এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মীসভায় অংশ নিয়েছিলেন তিনি। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।



Our Like Page