বুধবার দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টায় শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা।
এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে আজ সকাল থেকেই জনসমাবেশের মাঠে আসতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিশেষ করে নারী নেত্রীরা মঞ্চের সামনের দিকে অবস্থান নিতে শুরু করেছেন। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সড়ক ও নৌপথে বরিশালে আসছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সকাল ১১টায় জনাব তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন। একই সময়ে বরিশালে জনসমাবেশ শুরু হবে। দুপুর ১২টার দিকে তিনি মঞ্চে উঠবেন, বক্তব্য দেবেন এবং দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।
এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মীসভায় অংশ নিয়েছিলেন তিনি। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।