বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নদী দখলদার ২১ হাজার ৯৮২ জন: নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম

দেশে নদ-নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এ জবাব উপস্থাপন করা হয়। নৌমন্ত্রী বলেন, তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ এবং উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।

বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)-এর অধীনে বর্তমানে ৪৭টি চলাচলযোগ্য ফেরি রয়েছে।

এর মধ্যে ১২টি ‘রো-রো’, ১৬টি ‘মিডিয়াম’, ৮টি ‘ইমপ্রুভড মিডিয়াম’ ও ১১টি ‘ইউটিলিটি’ ফেরি। 

তিনি আরও জানান, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন শিপইয়ার্ড নির্মাণ প্রকল্পের আওতায় ছয়টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন রয়েছে।

এগুলো আগামী জুনের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা। 

এ ছাড়া পুরোনো ফেরির বদলে আরও ১৫টি মিডিয়াম ফেরি, পাঁচটি ইউটিলিটি ফেরি এবং উপকূলীয় অঞ্চলের জন্য দুটি ‘রোপ্যাক ফেরি’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।



Our Like Page