শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা গেছে, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় বিপরীত দিক পটুয়াখালী থেকে ছেড়ে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ আহত হয় অন্তত ১৫ জন। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।

 

খবর পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে সকাল ৮টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ধারণ করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। 

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, বাস ও ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Our Like Page