এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের উদ্যোগে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট কমানো, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে তারা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একইসঙ্গে যাত্রীবাহী যানবাহনগুলোর গতিসীমা নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও সড়কে নিয়ম মেনে চলার বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ঈদ কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। তাই সম্ভাব্য যানজটপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়কের পাশে অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে।
তারা আরও জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে যানবাহন থামানো ও নিরাপদ গতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। এতে করে ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।