মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন।
মহিমান্বিত এই রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। এ কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে অংশ নেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাগরিব নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা শুরু হয়। ব্যক্তিগত নফল ইবাদত, তওবা ও জিকির-আজকারের জন্য সারারাত মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত ছিল।
আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খানের সভাপতিত্বে রাত সাড়ে ৮টা থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।