বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

তারেক রহমানের জনসভায় যোগ দেবেন পিরোজপুরের ২০ হাজার নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর তিনি বরিশালে সফর করছেন। তারেক রহমানের আগমন ঘিরে বরিশালসহ বিভাগের ছয় জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সকালে বরিশালের জনসভায় যোগ দিতে পিরোজপুর থেকে সড়ক ও নৌপথে জেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

দুই দশক পর সরাসরি তারেক রহমানকে দেখতে তৃণমূলের নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই। 

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে প্রায় ৬০টি বাসে করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। এছাড়াও বরিশালের জনসভায় যোগ দিতে গতকাল বিকেল থেকে পিরোজপুরের বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন যানবাহনে করে বরিশালের উদ্দেশে রওনা দেন।

জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানান, দীর্ঘ দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন।

তাকে সরাসরি দেখার অপেক্ষায় বরিশাল বিভাগের মানুষ। আমাদের পিরোজপুর জেলা থেকে ১৫০টি বাস ও অন্যান্য যানবাহনে প্রায় ২০ হাজার নেতাকর্মী বরিশালের জনসভায় যোগ দিতে রওনা হয়েছেন। অনেকেই গতকাল বিকেলেই বরিশালে পৌঁছেছেন। দলীয়ভাবে ও ব্যক্তিগত উদ্যোগেও নেতাকর্মীরা যাচ্ছেন।



Our Like Page