বিদায়ের সময় নারী-পুরুষসহ গ্রামের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন, অনেককে চোখের জল ফেলতেও দেখা যায়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের পর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিদায় আয়োজন।
জানা যায়, ৭৫ বছর বয়সী মাওলানা আব্দুস সালাম তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর গ্রামের বাসিন্দা এবং আফাস মুন্সির ছেলে। তিনি ১৯৮৬ সাল থেকে উত্তর দর্জিপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিদায় উপলক্ষে প্রথমে ফুলসজ্জিত একটি প্রাইভেটকারে তাকে মসজিদে আনা হয়।
সভায় তাকে সম্মাননা হিসেবে নগদ এক লাখ টাকা ও বিভিন্ন উপহার প্রদান করে আয়োজকেরা।
এ সময় শেষবারের মতো তিনি মুসল্লিদের নিয়ে যোহরের নামাজ আদায় করেন মসজিদে।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে মসজিদের খেদমত করেছেন মাওলানা আব্দুস সালাম। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদ্য বিদায়ী খতিব নিজেই।
বিদায়ী খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমার দায়িত্ব পালন করেছি। আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের দেওয়া সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্থতা ও হেফাজতের জন্য দোয়া কামনা করেন তিনি।
এদিকে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, দীর্ঘ ৪০ বছর আমাদের মসজিদে দায়িত্ব পালন করেছেন তিনি। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা থেকেই আমরা এই আয়োজন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান (দা.বা.), শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।