টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি-র জীবনে বিতর্ক যেন নতুন কিছু নয়। ব্যক্তিগত সম্পর্ক, বিবাহ এবং বিচ্ছেদ—এসব নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন তিনি। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। তবে এসব নিয়ে প্রকাশ্যে কোনো আক্ষেপ প্রকাশ করেননি এই অভিনেত্রী।
বরং নিজের শর্তে জীবন কাটানোর কথা বারবারই জানিয়েছেন তিনি। বাণিজ্যিক চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি অভিনয় দক্ষতার মাধ্যমেও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন শ্রাবন্তী।
জীবনের প্রতিকূল সময়গুলোতে কাজকেই আশ্রয় হিসেবে বেছে নেন তিনি। আর কাজের বাইরে তার শান্তির জায়গা—নিজের বাড়ি।
কলকাতার বাইপাস সংলগ্ন একটি অভিজাত আবাসন ‘আরবার কমপ্লেক্সে’ অবস্থিত তার বিলাসবহুল ফ্ল্যাট। এই আবাসনে একাধিক তারকার বসবাস রয়েছে। নিজের এই ‘মনের ঠিকানা’ একাধিকবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী।
অফ-হোয়াইট রঙের দেয়ালে শিল্পিত নকশা, ফটোফ্রেমে সাজানো ঘর—সব মিলিয়ে একটি নান্দনিক পরিবেশ তৈরি করেছেন তিনি। তবে ফ্ল্যাটটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো খোলা বারান্দা। কাঁচের দরজা সরালেই উঁচু থেকে দেখা যায় পুরো কলকাতা শহর। নীল আকাশ যেন হাতছানি দেয়।
শ্রাবন্তীর ভাষায়, ছোটবেলা থেকেই এমন উঁচু বারান্দার স্বপ্ন দেখতেন তিনি।
ঘরের অভ্যন্তরে রয়েছে আধুনিক বার-কাউন্টার। তার বেডরুমও সাজানো রাজকীয় আবহে—সবুজ ভেলভেট ব্যাকড্রপ, বড় আয়না এবং সোনালি ডেকোরেশনে। পাশাপাশি বড় কাঁচের জানালা থেকে দেখা যায় মনোরম দৃশ্য।
বর্তমানে ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়েই তার সংসার। জানা গেছে, এই বিলাসবহুল ফ্ল্যাটটির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
তবে এত কিছুর পরও মানসিক শান্তির অভাবের কথাই জানিয়েছেন এই অভিনেত্রী। তার মতে, বিলাসবহুল জীবন সুখ দিতে পারে, কিন্তু শান্তি আসে অন্তর থেকে।
শ্রাবন্তী বলেন, “সুখের জন্য হয়তো এসব দরকার। কিন্তু শান্তি আসতে হয় মন থেকে। শান্তির জন্য জীবনে অনেক কিছু করেছি। কিন্তু সে যেন থাকতেই চায় না। এখনো আমি আছি শান্তির খোঁজে।”