শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

‘কিং’র নতুন ঝলকে বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি শাহরুখের!

করোনার পর শাহরুখ খানের ২০২৪ সালের প্রত্যাবর্তন ছিল রীতিমতো ইতিহাস। ‘পাঠান’ এবং ‘জাওয়ান’ পরপর দুটি সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান।

বলিউড বাদশাহ প্রমাণ করেছেন, তিনিই বক্স অফিসের আসল রাজা। 

এবার ছাব্বিশ সালের শীতের সিনেমার বাজার সরগরম করার হুঁশিয়ারি দিলেন শাহরুখ খান।

মাসখানেক আগেই আগাম আভাস মিলেছিল যে চলতি বছরের বড়দিনের পর্দায় ‘কিং’-এর অবতরণ ঘটতে চলেছে। এবার নতুন ঝলক প্রকাশ্যে এনে সেই জল্পনা আরো একধাপ এগিয়ে দিল প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
 

ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী সিনেমা ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। শুক্রবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে উন্মোচিত ঝলকে ফের অ্যাকশন হিরো অবতারে নজর কাড়লেন কিং খান।

ক্যাপশনে উল্লেখ, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’ 

দুই দিন আগেই জানা যায়, বাদশা ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা ‘পেন মারুধর’ ২৫০ কোটি টাকায় ‘কিং’-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও ‘জাওয়ান’, ‘ডানকি’, ‘জিরো’, ‘বদলা’, ‘ইত্তেফাক’সহ বহু সিনেমা মুক্তির পেছনে রয়েছে এই সংস্থা।

কানাঘুষা চলচে, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে ‘কিং’। এমন আয়োজনের পেছনে নাকি শাহরুখ ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউটর সংস্থা। অতঃপর বড়দিন থেকেই যে বক্স অফিসে হানা দিবে ‘কিং’, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খানের। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন সিনেমায় আরো দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনের মতো তারকাদের।



Our Like Page