শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ঢাকায় মামার বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে ভাগনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মৃত শাহরিয়ার ইমনের বোন জামাই মো. সাদ্দাম হোসেন জানান, ইমন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মুগদার মান্ডা মধ্যপাড়ায় তাদের নিজস্ব বাসা।

তার বাবার নাম মৃত হযরত আলী। 

তিনি আরও জানান, রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে এলাকার বন্ধু ওমর ফারুককের সঙ্গে ঘুরতে বের হন। রাত ২টার দিকে খবর পাই ইমন তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় মারা গেছেন। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই দুজনকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে ইমনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।



Our Like Page