বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
ভাইরাল হওয়া অডিও ক্লিপটি প্রায় আট বছর আগের।
জানা যায়, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার শুটিং সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। পরে ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
ভাইরাল হওয়া অডিওতে রাশমিকার মা দাবি করেন, বাগদানের সময় দুই পরিবারের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছিল। ছোটখাটো বিষয় নিয়েও অনেক সময় উত্তেজনা দেখা দিত। এমনকি রাশমিকার পেশাগত জীবনেও রক্ষিত হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, রাশমিকা যখন ‘গীতা গোবিন্দম’ সিনেমার প্রস্তাব পান, তখন তাকে অভিনয় ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।
এদিকে অডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিকমাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাশমিকা মান্দানা। তিনি জানান, গত আট বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও বিকৃত বক্তব্য ছড়ানো হয়েছে। অনেক সময় তাকে প্রসঙ্গের বাইরে এনে বিতর্ক তৈরি করা হয়।
অভিনেত্রীর অভিযোগ, প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অংশ ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন করে বিতর্ক তৈরি করতে।
বিবৃতিতে রাশমিকা আরও জানান, এতদিন ব্যক্তিগত আক্রমণ সহ্য করলেও এবার আর নীরব থাকা সম্ভব নয়। তিনি সব মিডিয়া প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এসব কনটেন্ট সরিয়ে না ফেললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।