সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামী আন্দোলনের আমিরের রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডের বাসায় পৌঁছান তারেক রহমান। সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে সেখান থেকে বের হন তিনি।
নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এ সৌজন্য সাক্ষাৎ।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।