চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আবারও হার। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপুটে পারফরম্যান্সের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান। আর দলের এই নড়বড়ে ব্যাটিং এবং ৬১ রানের বড় ব্যবধানে হার মেনে নিতে না পেরে রাগে নিজের টেলিভিশন সেট ভেঙে চুরমার করেছেন এক পাকিস্তানি সমর্থক। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইশান কিশানের বিধ্বংসী হাফ-সেঞ্চুরিতে ভর করে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সূর্যকুমার যাদবের ভারত। জবাবে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সালমান আলী আঘার দল। মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।
প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
ম্যাচ শেষে দেখা যায়, এক পাকিস্তানি সমর্থক পরাজয়ের ক্ষোভে লাঠি দিয়ে নিজের টিভি ভেঙে ফেলছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানান। অনেকে একে ‘আবেগ’ বললেও অনেকে উগ্র আচরণের সমালোচনা করেছেন।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের হেড-টু-হেড রেকর্ড এখন ৮-১, যা দুই দলের শক্তির ব্যবধানকে স্পষ্ট করে দিচ্ছে।
ম্যাচ শেষে ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল পাকিস্তানকে এখন আর বিশেষ ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, ‘আমরা ওদেরকে অন্য দশটা সাধারণ দলের মতোই দেখি। কোনো বিশেষ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমরা ভাবছি না, আমাদের ফোকাস কেবল ক্রিকেটে।’
এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে সুপার এইটে জায়গা করে নিল ভারত।
অন্যদিকে, তিন ম্যাচে এক হার নিয়ে টেবিলের তিনে নেমে গেছে পাকিস্তান।