রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি।
সেখানে তারেক রহমানকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। সেখানে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতা শেষে তারেক রহমান নাহিদের বাসায় আসেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।