সাক্ষাৎ শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এ সাক্ষাৎকে রাজনীতির ‘গুণগত পরিবর্তন’ হিসেবে আখ্যায়িত করেন।
ডা. তাহের বলেন, আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সরকার এবং বিরোধী দল মিলে আমরা একসঙ্গে দেশের মানুষের জন্য কাজ করব।
জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না।
সাক্ষাতকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে নবগঠিত সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন পরবর্তী এই হাই-ভোল্টেজ সাক্ষাতকে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও সৌহার্দ্যের নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।