সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছন, পরাজয় নিশ্চিত জেনে একটি নির্দিষ্ট দল ও গোষ্ঠী নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, বিএনপির পক্ষে ব্যাপক সমর্থন দেখে একটি মহল দিশেহারা হয়ে পড়েছে। তারা অপপ্রচার, বিভ্রান্তি ও ভয়-ভীতি ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এখন পরিবর্তন চায় এবং তাদের ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। জনগণ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।

এর আগে সকালে তার নিজ বাসভবনে একটি রাজনৈতিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডামুড্যা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বোরহান মাতবর (ভিপি বোরহান)-এর নেতৃত্বে শিধলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপি প্রার্থী অপুর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেন। 

নবাগত নেতাকর্মীরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ রক্ষার প্রত্যাশা থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় নুরুদ্দিন অপু নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, রাজনীতিতে বিভাজন নয়, এখন সময় ঐক্যের। জনগণের কল্যাণ ও এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page