মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ গড়তে চাই: পুতুল

নাটোর: আগামীতে নাটোরের লালপুর-বাগাতিপাড়া এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে শিক্ষিত সৎ ও যোগ্য মানুষ আবার রাজনীতিতে ফিরে আসবে এবং নতুন বাংলাদেশ গড়বে। আমরা সেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সেই জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে।

এখনো ষড়যন্ত্র চলছে, এবং ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত। আপনারা সতর্ক থাকুন। প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের একটি দুটি চোখ না, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্রগুলো পাহারা দেবো।
লালপুর-বাগাতিপাড়া এলাকায় ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। আগামী ১২ তারিখ কেবলমাত্র ধানের শীষ ছাড়া কোনো আওয়াজ থাকবে না। 

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্রের আশেপাশে থাকবেন, প্রত্যেকে যেন ভোটের দিন ভোট গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে থেকে আমাদের ফসল তুলে নিয়ে ঘরে আসতে পারি, সেই ব্যবস্থা করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। 

তিনি বলেন, বহু বছর ধরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে নাগরিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার, আইনকানুন লঙ্ঘন করা হয়েছ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, কোনো অধিকার হরণ। 

তিনি আরও বলেন, বিগত সময়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের উঠে দাঁড়াতে না পারে। বাংলাদেশের মানুষের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছিল। যেন আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হতে না পারি। লালপুর-বাগতিপাড়ার মাটি থেকে আমরা আবার কথা বলা শুরু করবো। আওয়াজ তোলা শুরু করবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করবো।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে পুতুল বলেন, লালপুর-বাগতিপাড়ার মাটিতে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার, যুবকদের অধিকার, আমাদের অধিকার। লালপুর-বাগতিপাড়ার মাটিতে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে কর্মসংস্থানে নারীরা হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আজ যারা যুবক, তাদের মাদক থেকে বের করে নিয়ে এসে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জনসভায় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম-আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।



Our Like Page