বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিজিএমইএর কর্মীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং সুনিবিড় যত্ন নিশ্চিত করার লক্ষ্যে একটি ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এই ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

এটি ‘বিজিএমইএ মো. রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ নামে পরিচালিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সচিব, মেজর মো. সাইফুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর কর্মীরা আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে।

এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন। 

অনুষ্ঠানে জানানো হয়, ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে। 

উদ্বোধন শেষে বিজিএমইএ সভাপতি ও অন্যান্য নেতারা ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখেন।

বিজিএমইএর কর্মীরা আশা করছেন, অফিসের অভ্যন্তরে এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।



Our Like Page