সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ল্যাকটোজমুক্ত আইসক্রিম বানাবেন যেভাবে

আইসক্রিম ছোটদের ভীষণ প্রিয় একটি খাবার। কিন্তু অনেক শিশুই দুধে থাকা ল্যাক্টোজ সহ্য করতে পারে না। এই সমস্যাকে বলা হয় ল্যাক্টোজ ইনটলারেন্স। শুধু শিশুরাই নয়, বড়দের মধ্যেও এ সমস্যা দেখা যায়।

ফলে প্রিয় আইসক্রিম থেকেও বঞ্চিত হতে হয় অনেককে। তবে চিন্তার কিছু নেই, দুধ ছাড়াও ঘরেই সহজে তৈরি করা যায় মজাদার ও স্বাস্থ্যকর আইসক্রিম। 

বাদাম আইসক্রিম

ল্যাক্টোজমুক্ত আইসক্রিম তৈরিতে বাদাম হতে পারে চমৎকার বিকল্প। কিছু কাজুবাদাম পানিতে ভিজিয়ে নিয়ে মিক্সারে ভালো করে বেটে নিন।

এতে চিনি ও বীজ ছাড়ানো খেজুর কুচি মিশিয়ে নিন। মিশ্রণটি বরফের ট্রেতে ঢেলে জমাতে দিন। জমে গেলে আবার মিক্সারে ব্লেন্ড করুন, এতে আইসক্রিমের মতো নরম ও ক্রিমি টেক্সচার তৈরি হবে। এরপর আইসক্রিমের ছাঁচে ঢেলে আবার জমিয়ে পরিবেশন করুন।
নারিকেল আইসক্রিম

নারিকেলের দুধ সম্পূর্ণ ল্যাক্টোজমুক্ত, তাই এটি দুধের ভালো বিকল্প। নারিকেলের টুকরো ব্লেন্ড করে ছেঁকে দুধ তৈরি করুন। এবার একটি পাকা কলা, একমুঠো কাঠবাদাম ও পরিমাণমতো গুড় একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি কিছুক্ষণ ফ্রিজে রেখে জমিয়ে আবার ব্লেন্ড করুন। শেষে নারিকেল কোরানো মিশিয়ে ছাঁচে ঢেলে জমিয়ে নিন।

চাইলে নারিকেলের খোলেও জমাতে পারেন, যা পরিবেশনেও আনবে ভিন্নতা। 

চকলেট আইসক্রিম

চকলেটপ্রেমী খুদেদের জন্য দারুণ বিকল্প হতে পারে ওটসের আইসক্রিম। ওটস পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে ছেঁকে নিন। এভাবেই তৈরি হবে ওটসের দুধ। এতে ভেজানো কাজু-আমন্ড, ডার্ক চকলেট ও মধু মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর ফ্রিজে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ল্যাক্টোজমুক্ত চকলেট আইসক্রিম।



Our Like Page