শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানজীব সারোয়ার

সম্প্রতি সামাজিকমাধ্যমে সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন- এমন খবরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিল্পীর পরিবার।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তানজীব সারোয়ার জানান, অসুস্থতা কাটিয়ে তিনি এখন বাসায় ফিরেছেন।

 

এই গায়ক লেখেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।

’ 

এর আগে গায়কের ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে এক ফেসবুক পোস্টে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী সাবা সানজিদা রহমান।

তিনি জানান, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তানজীব সারোয়ারকে আইসিইউতে ভর্তি করা হয়েছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।

 

একই সঙ্গে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরকে গুজব বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বানও জানান।

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানগুলোর মাধ্যমে আলোচনায় আসেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ব্যক্তিজীবনে গত বছরের ১১ অক্টোবর বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম সাবা সানজিদা রহমান।

 

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।

এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘হৃদমোহিনী’। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তার।



Our Like Page