শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ আমিনুল হকের

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করছে।

বুধবার নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন।

আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, অসহায় মানুষকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। তবে এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকেরা সতর্ক রয়েছেন বলে জানান।

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

 

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন সচেতন। তারা কোনো ধরনের প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



Our Like Page