যা নিয়ে এরই মধ্যে সাধারণ মানুষের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
যা নিয়ে এরই মধ্যে সাধারণ মানুষের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমাদের ছোটবেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে ঘুরে ঘুরে খাল খননের কাজ শুরু করেছিলেন। যে কাজ দীর্ঘ বছর কৃষককূলসহ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুফল বয়ে এনেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খননের অভাবে অনেক খালে পানির প্রবাহ বন্ধ হয়েছে, এমনকি খালের জমিও দখল হয়েছে।
খাল খনন আর বৃক্ষরোপণের মতো জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়ায় অল্প দিনেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন উল্লেখ করে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা ফাতেহা খানম বলেন, উন্নয়ন হবে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাবে-এটাই স্বাভাবিক। কিন্তু নদীমাতৃক বাংলাদেশে নদী দখল হবে, এটা মেনে নেওয়া যায় না। আবার ধান-নদী-খালের বরিশাল তার ঐতিহ্য হারাবে, এটাও ঠিক না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগের ২১ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের নিয়ে জনসভা করেন তারেক রহমান।
ওই সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণাঞ্চলের নানা পরিকল্পনার কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আমাদের কাজ হবে ১৩ তারিখ থেকে দেশ পুনর্গঠন, আর এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজটি শুরু করেছিলেন-খাল খননের কাজ। ইনশাল্লাহ ১৩ তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, কে কে যাবেন আমার সঙ্গে খাল খনন করতে? তখন জনসমুদ্রে পরিণত হওয়া জনসভার সবাই হাত তুলে উচ্চস্বরে তারেক রহমানকে সমর্থন জানান।
পরে তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা ১৩ তারিখ থেকে খাল খনন কর্মসূচি শুরু করব।
তিনি বলেন, এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। এজন্য বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করার মাধ্যমে আগামীতে দেশ পরিচালনা করবে।
তারেক রহমান আরও বলেন, ১৯৯৩ সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বরিশালকে বিভাগ হিসেবে ঘোষণা করেছিলেন। তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গেছে, আমরা এখানকার উন্নয়নে অনেক কাজ করেছি, কিন্তু আরও বহু কাজ করা বাকি।
তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী-আমাদের কথা একটাই, জনগণই সব ক্ষমতার উৎস।