সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আইএলও কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের যুবসমাজকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হতে সহায়তা করছে।
তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং, এই তিনটি কোর্সে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ইসিসি (ইম্প্রোভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপর্চুনিটিজ ফর টি উমেন অ্যান্ড ইয়ুথ ইন কক্স’স বাজার) প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে। প্রকল্পটি ওই অঞ্চলে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, এ পর্যন্ত ৪৬টি কোর্সের মাধ্যমে সাত হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও আইএলও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ক্যাপাসিটি বিল্ডিং, প্রশিক্ষণ কর্মসূচি এবং উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং যুব উন্নয়নখাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।