এদিন সকাল থেকেই টলিপাড়ায় দফায় দফায় আলোচনা চলে।
বৈঠক শেষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, আগামীকাল থেকে আর কোনো কর্মবিরতি থাকছে না।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর খুব সম্প্রতি বন্ধ হয়ে গেছে ‘ভোলে বাবা পার কারেগা’, তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং।
দীর্ঘ বৈঠকের পর প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, আজকে টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এখানে আমাদের কারোর কোনও ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, সে চোখ খুলিয়ে দিয়ে গেছে। ওর জন্যই আজ এতজন কলাকুশলী, শিল্পী সবাই একসঙ্গে।
এদিন উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, পিয়া সেনগুপ্তসহ আরও অনেকে।