ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, আমরা তাকে ফিরে পেয়েছি। আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, মার্কিন বাহিনী সেই সামরিক কর্মকর্তার–যিনি পদমর্যাদায় একজন কর্নেল–অবস্থান ‘দিনে ২৪ ঘণ্টা’ পর্যবেক্ষণ করছিল এবং ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল’।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল।
তিনি যোগ করেন, একজন আমেরিকানও নিহত বা এমনকি আহত হওয়া ছাড়াই আমরা এই অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি আবারও প্রমাণ করে যে, আমরা ইরানের আকাশে একাধিপত্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।
এদিকে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ উদ্ধার অভিযানের বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
‘আমেরিকা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে,’ মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক এই কর্মকর্তা এক্সে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার বিশেষ অভিযান পরিচালনাকারী ভাইদের পক্ষ থেকে এটি আরও একটি অসাধারণ কাজ।
সূত্র: আল জাজিরা